২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদ: দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু ১৫ জুলাই

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হচ্ছে ১৫ জুলাই। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। এ পর্যায়ে ১৬১টি উপজেলা ও একটি থানার পাশাপাশি ঢাকার ১৭টি সার্কেল ইউনিয়নে কাজ চলবে। সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হচ্ছে ১৫ জুলাই। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। এ পর্যায়ে ১৬১টি উপজেলা ও একটি থানার পাশাপাশি ঢাকার ১৭টি সার্কেল ইউনিয়নে কাজ চলবে। সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশজুড়ে চার পর্যায়ের এ হালনাগাদ কর্মসূচির প্রথম পর্যায়ে ১৫৪টি উপজেলার তথ্য সংগ্রহের কাজ শুরু হয় গত ১৫ জুন। এসব উপজেলায় নিবন্ধন সম্পন্ন হয়েছে। ইসি সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় পর্যায়ে হালনাগাদ কাজের তথ্য সংগ্রহ চলবে ১৫-২৪ জুলাই পর্যন্ত। এরপর সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপিত কেন্দ্রে নিবন্ধন চলবে ১-২৫ আগস্ট পর্যন্ত। ১৯৯২ সালের ১ জানুয়ারি এবং তার আগে যাদের জন্ম (১৮ বছর ও তদূর্ধ্ব), তারা এবার ভোটার তালিকাভূক্ত হতে পারবেন। এছাড়া হালনাগাদের সময় তালিকাভুক্ত কেউ মারা গেলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। যারা ঠিকানা পরিবর্তন করেছেন তারা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন করতে পারবেন। হালনাগাদের তৃতীয় পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে আগামী ১৬ আগস্ট ১৬৬টি উপজেলায়। সর্বশেষ চতুর্থ পর্যায়ে ছয়টি সিটি করপোরেশনে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। ২০০৭ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। নবম সংসদ নির্বাচনের আগে আট কোটি ১০ লাখেরও বেশি ভোটার তালিকাভূক্ত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এসকে/১৯০৯ঘ.