যশোর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ এক কর্মীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।
নিহতের নাম- আব্দুল কাদের গাজী (৫০)।
পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
সোমবার সকালে জাতীয় সংসদের হুইপ আব্দুল ওহাব সিদ্দিপাশা গ্রামের নিহতের বাড়ি যান। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে হুইপ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
তিনি বলেন, রোববার গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা কাদের গাজীর বাড়িতে ঢুকে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪২ ঘ.
bdnews24