চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে সোমবার দুপুরে বাসের সঙ্গে যাত্রীবাহী জিপের সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাত জন।
চুনতী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের দোহাজারী ফাঁড়ির কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাহার আলম জানিয়েছেন।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মেহেদী (১২)। সে দুর্ঘটনাকবলিত জিপের হেলপার।
পুলিশ কর্মকর্তা বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সাড়ে ১২টার দিকে চুনতি ফরেস্ট বিটের সামনে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি জিপকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।"
দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, এর মধ্যে বাসচালকসহ তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাস ও জিপটি পুলিশ আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬২৫ ঘ.
bdnews24