২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাক উল্টে নিহত ১৩

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ সড়কে সোমবার সকালে একটি ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ অন্তত জন। নিহতদের মধ্যে আছেন তিনজন নারী। স্বল্প আয়ের এসব মানুষ সিমেন্টবোঝাই ট্রাকে করে শেরপুর যাচ্ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 04:12 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ময়মনসিংহ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ সড়কে সোমবার সকালে একটি ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ অন্তত জন। নিহতদের মধ্যে আছেন তিনজন নারী। স্বল্প আয়ের এসব মানুষ সিমেন্টবোঝাই ট্রাকে করে শেরপুর যাচ্ছিলেন। এদের মধ্যে দশজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ডাকনহাটি গ্রামের হাজেরা খাতুন (৬৫) ও তার ছেলে মুকুল (২৮), ঝিনাইগাতি উপজেলার আটপাড়া গ্রামের মোজাম্মেল (৪০), জাবেদ আলী (৪০), জয়নাল আবেদীন (৩৮) ও আবুল কালাম (৩৫), শ্রীবর্দী উপজেলার কুড়িকাউনিয়া গ্রামের রাহেলা খাতুন (৪৫) ও গোসাইপুর গ্রামের ঝর্ণা বেগম (৩৫), শেরপুর সদর উপজেলার চরশেরপুর গ্রামের আসিম (৩৫) এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বিনুয়ারচর গ্রামের শাহজাহান (৪০)। সকাল সাড়ে ৭টায় দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম আক্তারুজ্জামান। তিনি বলেন, "সিমেন্টবোঝাই ট্রাকটি ঢাকা থেকে শেরপুর যাচ্ছিল। ত্রিশালের বাগান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক আরোহী ১৩ জন সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে মারা যায়।" ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, ট্রাকটির (ঢাকা মেট্টো-ট ১৪-৪৯০৪) সামনের বাম চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের একটি খেজুরগাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে উল্টে যায়। ট্রাকের ওপর বসে থাকা যাত্রীরা প্রায় হাটু পানিতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে। ওসি জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। তারা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ ও দমকল বাহিনীর একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে বস্তার নিচ থেকে এক এক করে তিন মহিলাসহ ১৩ জনের লাশ উদ্ধার করে। তিনি জানান, বেঁচে যাওয়া যাত্রীদের মাধ্যমে খবর পেয়ে নিহতদের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে ছুটে আসেন। অনেকেই স্বজনের লাশ দেখে বারবার মুর্ছা যান। তাদের কান্না আর আহাজারিতে বেদনা বিধুর পরিবেশ সৃষ্টি হয়। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ রেজা আলী, পুলিশ সুপারিনটেনডেন্ট খন্দকার গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপারিনটেনডেন্ট খন্দকার গোলাম ফারুক জানান, নিহতদের মধ্যে আট জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের লাশও হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৮৩১ ঘ.