চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম ও চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন তালুকদারের জামিন হয়নি।
রোববার দুপুরে মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ পৃথক শুনানি শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি কামাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্পর্শকাতর এ মামলার তদন্ত চলতে থাকায় বিচারক তাদের জামিন দেননি।"
তিনি আরও বলেন, "গ্রেপ্তারকৃত দুই আসামি কোনও সাধারণ অপরাধী নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকেও তারা অস্ত্র চোরাচালানের মতো বড় অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এই দুই সাবেক সরকারি কর্মকর্তা যে ঘটনার সঙ্গে যুক্ত তা অন্যান্য আসামির জিজ্ঞাসাবাদ ও জবানবন্দিতে প্রমাণিত হয়েছে।"
শুনানিতে রহিম ও মোহসিনের আইনজীবীরা বলেন, অস্ত্র আটক ও খালাসের সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়ে সিআইডির কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এছাড়া তারা দুজনই অসুস্থ। এজন্য রাষ্ট্রের সাবেক দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে জামিন দেওয়া প্রয়োজন।
এদিকে এ মামলায় গ্রেপ্তার এনএসআইর আরেক সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন নাকচ হয়েছে।
সাহাবের আইনজীবীর আবেদনের পরিপ্রক্ষিতে মহানগর হাকিম রোববার শুনানি শেষে তা নাকচ করেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ খালাসের সময় পুলিশ তা আটক করে।
রহিম, মোহসিন ও সাহাব চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এজে/এসকে/২৩৫৩ঘ.
bdnews24