চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলাম ও মুসলিমের দ্বিতীয় শীর্ষ নেতা এবং সামরিক শাখার প্রধান সাইফুল্লাহ ওরফে সেলিমে জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
রোববার চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম বাসুদেব রায় এ অনুমতি দেন। এছাড়া আগামী ৬ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার পুলিশ সেলিমকে এ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ করতে সাতদিনের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি চায়।
গত মঙ্গলবার (৭ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর বেলপাড়া গ্রামে অভিযান চালিয়ে শ্বশুর বাড়ি থেকে সেলিমকে গ্রেপ্তার করে র্যাব ও বিডিআরের একটি দল। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, নয় রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন।
সেলিমের দেওয়া তথ্য অনুসারে পরদিন তার শ্বশুর বাড়ি থেকে ছয়টি শাটার গান এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওইদিন তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করে র্যাব।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) আলাদা হয়ে ইসলাম ও মুসলিম নামের এ জঙ্গি গ্র"পটি গড়ে তোলা হয়।
গ্র"পটির প্রধান সংগঠক আব্দুর রহিম ওরফে শাহাদাতসহ আরও তিন জঙ্গিকে জুনের শেষের দিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৮ ঘ.
bdnews24