নারায়ণগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির (বিআইএমটি) শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকালে অধ্যক্ষসহ ১১ শিক্ষককে অবরুদ্ধ করেছে।
শিক্ষার্থীরা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। প্রতিষ্ঠানের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
প্রায় চার ঘণ্টা পর পুলিশ এসে অধ্যক্ষের কার্যালয় থেকে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে।
এই প্রতিষ্ঠানের ট্রেড কোর্সকে এইচএসসির সমমান বিবেচনা করে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, ডিপ্লোমা কোর্সধারীদের সরাসরি সমুদ্রগামী জাহাজে কাজ করার সার্টিফিকেট প্রদান, সরাসরি সিডিসি (শর্ট কোর্স) কোর্স চালু বন্ধ এবং এই কোর্সের দ্বিতীয় শিফট চালু না করাসহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা গত ৫ জুলাই থেকে বিক্ষোভ, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছে।
এসব দাবি পূরণ না করে কর্তৃপক্ষ সরাসরি সিডিসি কোর্সের ভর্তি কার্যক্রম অব্যাহত রেখেছে।
এরইমধ্যে শিক্ষার্থীরা ভর্তির সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এ ছাড়া রোববার অনুষ্ঠিত ২ বছর মেয়াদী ট্রেড কোর্সের সকল পরীক্ষার অংশ গ্রহণ না করারও ঘোষণা দিয়েছে তারা।
চতুর্থ বর্ষের ছাত্র তারেক হাসান ফাহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছে। কিন্তু অধ্যক্ষ নানা টালবাহানা করে কালক্ষেপন করছেন। তার অবহেলার কারণে সংশ্লিষ্টদের কাছে আমাদের দাবি পৌঁছানো হচ্ছে না।"
চতুর্থ বর্ষের ছাত্র নাসির বলেন, দুই বছর মেয়াদী সার্টিফিকেট ইন ট্রেডকোর্স সমূহকে এইচএসসির সমমান প্রদান করে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা প্রদান, ডিপ্লোম ইঞ্জিনিয়ারিং মেরিন ও শিপ বিল্ডিং টেকনোলজির কোর্স সমাপ্তকারী শিক্ষার্থীদের সরাসরি সমুদ্রগামী জাহাজে কাজ করার সার্টিফিকেট প্রদানের দাবিতে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছি।
উক্ত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সিডিসি কোর্সের দ্বিতীয় শিফট চালুর সকল কার্যক্রম বন্ধ রাখার দাবি জানাচ্ছি আমরা।
এ ব্যাপারে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ কাজী মো. আলমগীর জানান, তিনি ছাত্রদের দাবি সর্ম্পকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালককে অবগত করেছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, "অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের দিয়ে তালা খুলে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করেছে।"
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে দুই বছর মেয়াদী ট্রেড কোর্স, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স রয়েছে। প্রায় ৪ শ' ছাত্র ও ৩০ জন ছাত্রী অধ্যয়ন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24