২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুব কম পুরুষ জন্মনিরোধক সামগ্রী ব্যবহার করেন: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের তুলনায় খুবই কম সংখ্যক পুরুষ জন্মনিরোধক সামগ্রী ব্যবহার করেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। বিশ্ব জনসংখ্যা দিবসের প্রাক্কালে শুক্রবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শনিবার সারাদেশে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে 'মা ও শিশুর জীবন রক্ষায় ব্যয় বৃদ্ধি করি, সমৃদ্ধ দেশ গড়ি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের তুলনায় খুবই কম সংখ্যক পুরুষ জন্মনিরোধক সামগ্রী ব্যবহার করেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। বিশ্ব জনসংখ্যা দিবসের প্রাক্কালে শুক্রবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শনিবার সারাদেশে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে 'মা ও শিশুর জীবন রক্ষায় ব্যয় বৃদ্ধি করি, সমৃদ্ধ দেশ গড়ি'। মন্ত্রী বলেন, "জন্মনিরোধক সামগ্রী ব্যবহারকারী মোট ৫৫ দশমিক ৮ শতাংশের মধ্যে পুরুষ মাত্র ৫ দশমিক ২ শতাংশ।" আ ফ ম রুহুল হক জানান, চাহিদা থাকার পরও জন্মনিরোধে আগ্রহী ১৭ দশমিক ৬ শতাংশ দম্পতির কাছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এর কারণ হিসেবে ছিটমহল, চর, হাওরসহ দুর্গম অঞ্চলের কথা উল্লেখ করে তিনি বলেন, "বর্তমানে পরিবার পরিকল্পনা গ্রহণকারীর হার ৫৫ দশমিক ৮ শতাংশ হলেও অনেকের কাছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। এদের কাছে পৌঁছানো সম্ভব হলে পরিবার পরিকল্পনা গ্রহণকারীর সংখ্যা হবে ৭২ শতাংশ।" রুহুল হক আরও বলেন, "গণমাধ্যমসহ অন্যান্য পদ্ধতিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই কেবল এই জনসংখ্যা বৃদ্ধির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তা না হলে জনগণের মৌলিক চাহিদা আরও বেড়ে যাবে। "জাতীয় উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কঠিন হয়ে পড়বে। দারিদ্র্য, বেকারত্ব, সামাজিক অস্থিরতা আরও বেড়ে যাবে। আগামী প্রজন্মকে এ অবস্থা থেকে রক্ষা করতে হলে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতেই হবে।" বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০৮ সালের তথ্য অনুযায়ী দেশের বর্তমান জনসংখ্যা ১৪ কোটি ৪৫ লাখ এবং বৃদ্ধির হার ১ দশমিক ৩৯ শতাংশ। এই হারে বাড়তে থাকলে পঞ্চাশ বছর পর দেশের জনসংখ্যা দ্বিগুণ হবে বলে তিনি মনে করেন। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সিটি করপোরেশন এলাকায় এনজিওর মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে বস্তিবাসী, নিম্ন আয়ের মানুষসহ অনেকের কাছে এসব সামগ্রী পৌঁছাচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী, অতিরিক্ত সচিব বরুণ দেব মিত্রসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২৩২০ ঘ.