ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মতিঝিলে বৃহস্পতিবার অভিনব কৌশলে প্রায় ১৪ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পল্টন সাব্বির টাওয়ারের ঢাকা মানি এক্সচেঞ্জ এর জনৈক সেলিমের কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন জুয়েল ভুঁইয়া ও সাচ্চু মিয়া নামের দুই যুবক। বিকেল পাঁচটার দিকে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় অজ্ঞাত ৪-৫ জনের একদল যুবক তাদের পথ রোধ করে তাদেরকে আদম ব্যাপারী হিসেবে আটক করে পাসপোর্ট ও টাকা ফেরত চায়।
ওসি জানান, বিষয়টি এমনভাবে সাজানো ছিল যাতে আশেপাশের মানুষ মনে করে আদম বেপারীর কাছে টাকা চাইছে প্রতারিত যুবক। এ কারণে তখন আশপাশের কেউ এগিয়ে আসেনি। এই ফাঁকে ছিনতাইকারীরা জুয়েল ও সাচ্চুকে ভয় দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।
টাকার উৎস সম্পর্কে তিনি জানান, দুই চাচাতো ভাই জুয়েল ও সাচ্চু জানিয়েছেন, জুয়েলের মামা ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের ব্যাবসা করেন। তিনি তাদের ঢাকায় পাঠিয়েছেন জনৈক সেলিমের কাছ থেকে পাওনা টাকা নিয়ে আসতে। তারা দুই জন সেই টাকা নিয়েই পল্টন থেকে ফকিরাপুল হয়ে কমলাপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাস ধরতে যাচ্ছিলেন।
সেলিম সাজ্জাদ বলেন, ছিনতাই হওয়া অর্থের উৎস ও গন্তব্য সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। তবে এ ছিনতাইয়ে কারা জড়িত তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।
১৪ লাখের কিছু কম টাকা ছিনতাই হয়েছে বলে জানান ওসি সেলিম।
ওদিকে ঘটনা তদন্তের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, মোট ১৩ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই হয়েছে।
এর আগে বুধবার দুপুরে শ্যামলী রিং রোডে একটি ব্যাংকের ফটক থেকে একজনকে গুলি করে পৌনে চারলাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এজে/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24