ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম এবং তার স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে বিশেষ জজ আদালতের দেওয়া দণ্ড বাতিলের আবেদন বিষয়ে পরবর্তী নির্দেশের জন্য তা প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে এ বিষয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় সরল গরল কলামে মিজানুর রহমান খানের লেখা "বসুন্ধরার মালিকদের মামলা নিয়ে রোমাঞ্চাভিলাষ" শিরোনামের নিবন্ধ বিষয়েও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বোরহান উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
শুনানিতে সরকার পক্ষে অংশ নেওয়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আলম পক্ষের আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল প্রথম আলোর নিবন্ধটি আদালতের দৃষ্টিতে এনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আবেদন করেন। ফিদা কামাল বলেন, বিচারাধীন বিষয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ ন্যয়বিচার পরিচালনায় সরাসরি হস্তক্ষেপ। বিষয়টি আদালত অবমাননাকর।
এম কে রহমান আদালতে বলেন, এ ধরনের প্রতিবেদন প্রকাশ সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। এটি হলুদ সাংবাদিকতা।
আদালত বলেছে, প্রতিবেদনে এই বেঞ্চের একজন বিচারপতির নাম উল্লেখ করা হয়েছে। এ কারণে বিষয়টি পরবর্তী নির্দেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হলো।
ঢাকার বিশেষ জজ আদালত কর ফাঁকির মামলায় ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর শাহ আলম এবং তার স্ত্রী ও দুই ছেলেকে আট বছর করে কারাদণ্ড দেয়। একইসঙ্গে তাদের মোট আট কোটি ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
গত বছরের সেপ্টেম্বর মাসে শাহ আলম এবং তার স্ত্রী ও ছেলেরা এ মামলার রায় চ্যালেঞ্জ করলে হাইকোর্ট রায়ের কার্যকারিতা স্থগিত করে দেয়। মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24