নারায়ণগঞ্জ, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ধুপতারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ে গত তিনদিন ধরে ছাত্রীরা গণ হিস্টেরিয়ায় আক্রান্ত হচ্ছে।
এ কারণে বৃহস্পতিবার থেকে কর্তৃপক্ষ স্কুলটি তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ৫ জন, বুধবার ৮ জন এবং মঙ্গলবার ১৭ জন ছাত্রী এ রোগে আক্রান্ত হয়।
এর মধ্যে বৃহস্পতিবার আক্রান্ত ৬ষ্ঠ শ্রেণীর আসমা (১৩), মাকসুদা (১৩) এবং অষ্টম শ্রেণীর লিজাকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুল হালিম জানান, ছাত্রীরা গণ হিস্টেরিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের সচেতন করা এবং একই বেঞ্চে গাদাগাদি করে না বসার পরামর্শ দেন তিনি।
সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াসউদ্দিন জানান, একটি পুরনো ভবন ভেঙে ফেলায় এ রকম হচ্ছে বলে একটি প্রচারনা চলছে। কিন্তু এ ধারণা ভিত্তিহীন। উদ্ভূত পরিস্থিতিতে স্কুল তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনসারুজ্জামান বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।
স্কুলের শতবর্ষ প্রাচীন একটি ভবন কিছুদিন আগে ভেঙে ফেলা হয়। গ্রামের কুসংস্কারাচ্ছন্ন কেউ কেউ প্রচার করছে, এ ভবন ভেঙে ফেলার কারণে এ রকম হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩২ ঘ.
bdnews24