ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত সম্মেলনে 'হত্যা' বন্ধ করতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের প্রতি জোরালো আহ্বান জানাবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর।
দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ে সম্মেলন আগামী রোববার ঢাকায় অনুষ্ঠিত হবে।
আলোচনায় বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত এবং ভারত কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি স্থান পাবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
তিনি যেদিন একথা জানালেন, সেদিন ভোরে যশোর সীমান্তে বিএসএফের গুলিতে চারজন মারা গেছেন।
বিডিআর প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সীমান্তে কোনও নাগরিককে গুলি চালিয়ে হত্যা না করে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য বিএসএফকে বলা হয়েছে। যা কার্যকর করার জন্য সম্মেলনে বিশেষ অনুরোধ করা হবে।"
সীমান্ত এলাকায় বসবাসরত অধিকাংশই গরিব- এ কথা জানিয়ে বিডিআর প্রধান বলেন, জীবিকার তাগিদে তারা বিভিন্ন অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ছে। এ জন্য তাদের আইনের মাধ্যমে যে কোনও শাস্তি দেওয়া যেতে পারে।
বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে ১৫০ গজের মধ্যে কোনও স্থাপনা নির্মাণ করার বিষয়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত কাঁটাতারের বেড়ার নামে কিছু কিছু জায়গায় 'সামরিক প্রতিবন্ধক' তৈরি করছে অভিযোগ করে মইনুল বলেন, এ বিষয় নিয়েও সম্মেলনে আলোচনা হবে।
সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক এম এল কুমাওয়াতের নেতৃত্বে ১৮ সদস্যের একটি দল ১১ জুলাই ঢাকা আসবেন। বাংলাদেশের ২৪ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবে।
বিডিআর কর্মকর্তারা জানান, গত ১০ মাসে বিএসএফের গুলিতে ৪২ জন মারা গেছেন।
তবে গত ১০ মাসে বিডিআরের গুলিতে একজন ভারতীয় নাগরিকও মারা যায়নি বলে দাবি করছেন বিডিআর কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ৯৩ জন ভারতীয় চোরাকারকারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
বিএসএফের গুলিতে মৃত্যুর বেশিরভাগ ঘটনা ঘটছে খুলনা, সাতক্ষীরা এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। নিহতদের অধিকাংশই গরু ব্যবসায়ী।
গত ১৬ নভেম্বর রাতে পঞ্চগড়ের মাঝিপাড়া এলাকায় বিএসএফের গুলিতে শিশুসন্তানসহ এক নারী নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৯২০ ঘ.
bdnews24