২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিরউদ্দিনের সদস্য পদ খারিজের সুপারিশ সংসদীয় তদন্ত কমিটির

সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের সংসদ সদস্য পদ খারিজের সুপারিশ করেছে সংসদীয় তদন্ত কমিটি। বৃহস্পতিবার সংসদে উত্থাপিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 12:37 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের সংসদ সদস্য পদ খারিজের সুপারিশ করেছে সংসদীয় তদন্ত কমিটি। বৃহস্পতিবার সংসদে উত্থাপিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। সেইসঙ্গে কমিটির প্রতিবেদনে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। (বিস্তারিত) অষ্টম জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে গত ১৯ মার্চ আওয়ামী লীগের সাংসদ ফজলে রাব্বী মিয়াকে প্রধান করে ১১ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপনের জন্য জমিরউদ্দিন সরকারসহ অন্য দুজনকে তলব করা হলেও তারা সাড়া দেননি। তদন্ত কমিটির প্রতিবেদনটি ৭৮৪ পৃষ্ঠার। এতে অনিয়মের বিস্তারিত বিবরণ রয়েছে। কমিটি দীর্ঘ ১১টি বৈঠক করে তাদের প্রতিবেদন সংসদে উপস্থাপন করে। কমিটি তার কাজের সুবিধার জন্য তিনটি উপকমিটিও গঠন করে। নবম সংসদের উপনির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জমিরউদ্দিন সরকার সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনটিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বিজয়ী হয়েছিলেন। প্রতিবেদনের সুপারিশে বলা হয়, ''রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ পর্যায়ে আসীন সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের নবম সংসদের সদস্যপদ খারিজ করা হোক। এবং তার কৃতকর্মের জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।'' সুপারিশের যৌক্তিকতা প্রতিপন্ন করতে গিয়ে প্রতিবেদনে বলা হয়, ''সুস্পষ্ট বিধান থাকুক বা না থাকুক, অসদাচরণের দায়ে কোনো সদস্যকে বহিষ্কার করা সংসদের অন্তর্নিহিত ক্ষমতা। এর মূল উদ্দেশ্য সংসদের মর্যাদা রক্ষা, এর প্রতি জনগণের আস্থা নিশ্চিত করা, যেন গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে।'' তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে , সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার চিকিৎসা বাবদ ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ১ লাখ ২১ হাজার ৭০৩ টাকা ৫৯ পয়সা ও সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন ৬ লাখ টাকা বিধি বহির্ভূতভাবে উত্তোলন করেছেন। তাদেরকে দ্রুত ওই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করেছে। এছাড়া জমিরউদ্দিন সরকার নিয়ম বহির্ভূতভাবে যানবাহন বাবদ ৩৭ লাখ ৮০ হাজার ৮১৫ টাকা ১০ পয়সা, আখতার হামিদ সিদ্দিকী ৫৮ লাখ ৮৬ হাজার ৭৫০ টাকা ৭৫ পয়সা ও খোন্দকার দেলোয়ার হোসেন ৩৬ লাখ ৬৭ হাজার ৪৬৫ টাকা অপব্যয় করেছেন। অপচয় করা মোট ১ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৩১ টাকা ৮৫ পয়সা তাদেরকে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ইফতার, রাতের খাবার,আপ্যায়ন বাবদ অর্থ অপচয়ের সুনির্দিষ্ট অভিযোগ এনে সেসব অর্থ ফেরত দিতে বলা হয়। কমিটির সামনে জমিরউদ্দিন, আখতার হামিদ ও খোন্দকার দেলোয়ারের হাজির না হওয়াকে 'সংসদের বিশেষ অধিকার ক্ষুন্ন করা' হয়েছে বলে মন্তব্য করা হয় প্রতিবেদনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /কেআরসি/এসএম/এইচএ/১৯৩২ ঘ.