ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচার যেন আন্তর্জাতিক মান রক্ষা করা হয়, সে জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউমন রাইটস ওয়াচ।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি এ আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠিও পাঠিয়েছে।
বৃহস্পতিবার হিউমেন রাইটস ওয়াচের ওয়েবসাইটে শেখ হাসিনাকে লেখা চিঠিটি প্রকাশ করা হয়।
মানবাধিকার সংগঠনটি যুদ্ধাপরাধের সংজ্ঞা নির্ধারণে আন্তর্জাতিক অপরাধ আদালতকে অনুসরণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি অভিযুক্তের অধিকার রক্ষা, সাক্ষী ও নির্যাতিতের নিরাপত্তা নিশ্চিত এবং মৃত্যুদণ্ডের বিধান না রাখার সুপারিশ করেছে তারা।
একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে ব্যক্তিগত এবং দলবদ্ধ অপরাধের বিচারের ধারা সংযুক্ত করে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট সংশোধনের জন্য বুধবার জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার এটি পাস হওয়ার কথা।
হিউমেন রাইটস ওয়াচের চিঠিতে আইনটিকে স্বচ্ছ ও ন্যয়সঙ্গত করতে আইনমন্ত্রী শফিক আহমেদের সুপারিশকে স্বাগত জানানো হয়েছে।
হিউমেন রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ব্রাড এডামস বলেন, "আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকার, আন্তর্জাতিক অপরাধ আইন এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এ আইনে বিচার নিশ্চিত করতে আরও কিছু সংশোধন প্রয়োজন।
"নতুন আইনে ১৯৯৮ সালের আন্তর্জাতিক অপরাধ আদালতের অনুসরণে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের সংজ্ঞা নির্ধারণ করা প্রয়োজন।"
বিচার প্রক্রিয়া স্বচ্ছ করার আহ্বান জানিয়ে মানবাধিকার সংগঠনটি বলেছে, "বিচার প্রক্রিয়ায় যদি আন্তর্জাতিক মান রক্ষা না হয়, তবে তা গ্রহণযোগ্যতা নাও পেতে পারে। যার মধ্য দিয়ে অপরাধীরাই লাভবান হবে।"
সামরিক আদালতে বিচার না করে প্রচলিত আদালতে বিচারের সুপারিশ করেছে হিউমেন রাইটস ওয়াচ।
আইনমন্ত্রী শফিক আহমেদ বুধবার সংসদে 'ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন- ২০০৯' শীর্ষক বিলটি উত্থাপন করেন।
আইনমন্ত্রী জানান, আগের আইনে সশস্ত্র বাহিনী এবং তাদের অঙ্গ সংগঠনের বিচারের কথা বলা হয়েছে। কিন্তু তিনি যে বিল উত্থাপন করেছেন তাতে ব্যক্তিগত এবং দলবদ্ধ অপরাধের বিচারের ধারা সংযুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, এ আইনে দেওয়া কোনও রায়ের বিরুদ্ধে আপিল করার ধারাও বিলটিতে সংযোজন করা হয়েছে যা আগে ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24