২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসানাত ও সুজার জামিন

দুর্নীতি ও কর ফাঁকিসহ চারটি মামলায় জামিন পেয়েছেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। দুর্নীতির একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজাও। বিচারপতি মো. ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি মো. আব্দুর রাজ্জাকের বেঞ্চ বৃহস্পতিবার ওই দুই আওয়ামী লীগ নেতাকে জামিন দেয়। তারা দুজনই বর্তমানে কারাগারে আছেন। অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় হাসানাত আবদুল্লাহ গত ২১ জুন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 07:50 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও কর ফাঁকিসহ চারটি মামলায় জামিন পেয়েছেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। দুর্নীতির একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজাও। বিচারপতি মো. ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি মো. আব্দুর রাজ্জাকের বেঞ্চ বৃহস্পতিবার ওই দুই আওয়ামী লীগ নেতাকে জামিন দেয়। তারা দুজনই বর্তমানে কারাগারে আছেন। অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় হাসানাত আবদুল্লাহ গত ২১ জুন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। দুই আওয়ামী লীগ নেতার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক স ম রেজাউল করিম। সব মামলায় জামিন পাওয়ায় হাসানাত ও সুজার মুক্তিতে আর বাধা নেই বলে তার আইনজীবীরা দাবি করেছেন। স ম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের (হাসানাত ও সুজা) বিরুদ্ধে আর কোনও মামলা নেই। তাই তাদের কারামুক্তিতেও আইনগত আর কোনও বাধা রইলো না।" প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই হাসানাতের অনুপস্থিতিতেই জরুরি অবস্থার মধ্যে চার মামলায় কারাদণ্ডাদেশ হয়। কর ফাঁকির মামলায় ২০০৭ সালের ১২ ডিসেম্বর হাসানাত আবদুল্লাহর নয় বছরের সশ্রম কারাদণ্ড হয়। এছাড়া অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের আরেক মামলায় তিনি ১৩ বছর সাজাপ্রাপ্ত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় হয় ২০০৮ সালের ৪ মার্চ। মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি এবং অবৈধভাবে অর্থ সংরক্ষণের দায়ে দায়ের করা দুটি মামলায় ২০০৮ সালের ১৯ নভেম্বর হাসানাতকে বরিশালের আদালত ৭ বছর করে ১৪ বছরের সাজা দেয়। রায়ের সময় পলাতক খুলনার আওয়ামী লীগ নেতা সুজা ও তার স্ত্রী খোদেজা রশিদী আত্মসমর্পণ করেন গত ২২ জুন। তিনি অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় ১৩ বছর সাজাপ্রাপ্ত। তিন বছর কারাদণ্ডাদেশ পাওয়া খোদেজাও বৃহস্পতিবার জামিন পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৫০০ ঘ.