বান্দরবান, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের লামা উপজেলার লামা-সুয়ালক সড়ক গত আটদিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে এলাকার লোকজন চরম ভোগান্তিতে পড়েছে।
লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারি বৃষ্টির ফলে গত বুধবার (১ জুলাই) লামা-সুয়ালক সড়কের গজালিয়া এলাকায় তিনটি স্থানে রাস্তায় পাহাড় ধসে পড়ে।
ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী সরই ও গজালিয়া ইউনিয়নের বাসিন্দাদের চট্টগ্রামের লোহাগাড়া ও কক্সবাজারের চকরিয়া হয়ে লামা উপজেলা সদরে যেতে হচ্ছে বলে জানান তিনি।
লামা উপজেলার প্রকৌশলী শাহ আলম জানান, তাদের তহবিল না থাকায় রাস্তার মাটি সরানোর কাজে দেরি হচ্ছে।
বুধবার বিকেল অথবা বৃহস্পতিবার থেকে রাস্তার মাটি সরানোর কাজ শুরু হবে শাহ আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২০৩৫ ঘ.
bdnews24