ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে গত দু'দিন দরপতনের পর মঙ্গলবার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যসূচক।
এদিন লেনদেনকৃত প্রতিষ্ঠানের ৬০ শতাংশেরই দাম বেড়েছে। এর প্রভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের তুলনায় বেড়েছে ১৩ পয়েন্ট। অন্যদিকে ৩৩ পয়েন্ট বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।
বাজার বিশ্লেষকরা মনে করেন, বীমা ও নন-ব্যাংকিং আর্থিক খাতে নতুন বিনিয়োগকারীদের বিনিয়োগ বাজার চাঙা হওয়ার পেছনে ভূমিকা রেখেছে।
ব্রোকারেজ হাউজ লতিফ সিকিউরিটিজের একজন কর্মকর্তা বলেন, "দরপতনের সুযোগ কাজে লাগাতে কেউ কেউ বিনিয়োগ করছেন।"
ডিএসইতে দিনের লেনদেনের শুরুতেই সূচক ঊর্ধ্বমুখী হয়ে উঠে। মধ্যভাগে মূল্যসূচক কিছুটা পড়লেও আগের দিনের চেয়ে ভালো অবস্থানেই শেষ হয় দিনের লেনদেন।
তবে এ বাজারে মোট লেনদেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৫৪১ কোটি টাকা।
এদিন ডিএসইতে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচকে ১৩ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ বেড়ে হয়েছে ২৯৫৭ দশমিক ১৯ পয়েন্ট। সোমবার ছিল ২৯৪৪ দশমিক ০৫ পয়েন্ট।
ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১০ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ বেড়ে হয় ২৪৭৩ দশমিক ২৮ পয়েন্ট।
ডিএসই-২০ ব্লু-চিপ শেয়ারসূচক ৫ দশমিক ৭০ বা দশমিক ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩৯২ দশমিক ৩৮ পয়েন্ট।
লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম কমেছে ৮২ টির, বেড়েছে ১৪০ টির এবং অপরিবর্তিত ছিল ৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
৫০ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে দিনের লেনদেনে শীর্ষস্থান দখল করে তিতাস গ্যাস।
প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৬৭৪ টাকা ৭৫ পয়সা হয়েছে।
এছাড়া আগের দিন শীর্ষে থাকা বেক্সিমকোর শেয়ারের দাম ৩ দশমিক ৯০ শতাংশ বেড়ে ২৯২ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
লেনদেনের দিক দিয়ে শীর্ষ দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের দাম ৭ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১১৫ টাকা ৯০ পয়সা, বেক্সিমকো ফার্মার ৫ দশমিক ১১ শতাংশ কমে ৩৪৭৫ টাকা ৫০ পয়সা, প্রাইম ফিনান্সের দশমিক ৭৪ শতাংশ বেড়ে ১৬৫৯ টাকা ২৫ পয়সা হয়।
এছাড়া সামিট পাওয়ার, বেক্সটেক্স, স্কয়ার ফার্মার শেয়ারের দামও বেড়েছে।
মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় কমেছে এবি ব্যাংক ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
আইসিটি, ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল খাতের শেয়ারের জোরে সিএসইতে মূল্যসূচক ঊর্ধ্বমুখী হয়ে উঠে।
এ বাজারে সিএসসিএক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৩২ দশমিক ৪৭ বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে হয়েছে ৬৬৪৬ দশমিক ৩২ পয়েন্ট। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৫৪ দশমিক ৬২ বা দশমিক ৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২৭৮ দশমিক ৬৭ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লু-চিপ শেয়ার সূচক ২ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৮১০৪ দশমিক ৫৮ পয়েন্ট।
লেনদেনকৃত শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮৯টির কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত ছিল ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বাণিজ্যিক রাজধানীর পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টাকা। সোমবার লেনদেনের এ পরিমাণ ছিল ৯৫ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার টাকা।
এ বাজারে লেনদেনের শীর্ষে ছিল এবি ব্যাংক।
এছাড়া শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ছিল বেক্সিমকো লি, বেক্সটেক্স লি. ও তিতাস গ্যাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২১৩৭ঘ.
bdnews24