২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ফুলতলা প্রকল্পের পরিবেশগত সমীক্ষা চালাতে হাইকোর্টের নির্দেশ

খুলনার ফুলতলা পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের আগে এর সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে পরিবেশগত সমীক্ষা চালাতে খুলনা সিটি কর্পোরেশনকে মৌখিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে এ সমীক্ষা চালানোর জন্য এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ফুলতলা পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের আগে এর সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে পরিবেশগত সমীক্ষা চালাতে খুলনা সিটি কর্পোরেশনকে মৌখিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে এ সমীক্ষা চালানোর জন্য এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়। ফুলতলা পানি সরবরাহ প্রকল্পের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে গত ২৫ মে বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বেলা) দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের শুনানির সময় এ নির্দেশ দেওয়া হয়। আগামী ১০ আগস্ট রিট আবেদনটির ওপর পরবর্তী শুনানি হবে। বেলার পক্ষে শুনানিতে অ্যাডভোকেট সৈয়দা রেজোয়ানা হাসান ও ইকবাল কবির বলেন, খুলনা সিটি কর্পোরেশন ২০০৪ সালে ফুলতলা পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু করে। ৪০ টি গভীর নলকূপের মাধ্যমে দিনে ৯০ লাখ গ্যালন পানি সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু এ প্রকল্পের জন্য খুলনা সিটি কর্পোরেশন কোনো পরিবেশগত সমীক্ষা চালায়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনার ফুলতলা এলাকার মানুষ ভূগর্ভস্থ পানি থেকে বঞ্চিত হবে। প্রকল্পটির পরিবেশগত সমীক্ষা চালানো হয়েছে কিনা আদালত তা খুলনা সিটি কর্পোরেশনের আইনজীবী কামরুল হক সিদ্দিকীর কাছে জানতে চান। উত্তরে তিনি বলেন, এখন পর্যন্ত এ সমীক্ষা চালানো হয়নি। এ পর্যায়ে আদালত এক মাসের মধ্যে প্রকল্পটির পরিবেশগত সমীক্ষা চালাতে খুলনা সিটি কর্পোরেশনকে মৌখিক নির্দেশ দেন। শুনানিতে সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এইচএ/২১১৮ ঘ.