রাজশাহী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) থেকে আলাদ হয়ে নবগঠিত জঙ্গি গ্রুপ ইসলাম ও মুসলিমের সামরিক শাখার কমান্ডার মো. সেলিমকে (৩০) মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর টেক বিডিআর বিওপি সংলগ্ন বেলপাড়া এলাকা থেকে র্যাব ও বিডিআর তাকে গ্রেপ্তার করে।
সেলিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দু'টি পিস্তলের ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়।
র্যাব-৫ বিনোদপুর ক্যাম্পের এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় সেলিমকেও সেখানে হাজির করা হয়।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসরাত হোসেন সংবাদ ব্রিফিংয়ে লিখিত বক্তব্য দেন।
তিনি বলেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ও বিডিআর বেলপাড়া এলাকায় অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে সেলিম গুলি করে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গ্রেপ্তার করা জেএমবি সদস্য এবং নতুন জঙ্গি গ্র"পটির তিন নেতার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় বলে লেফটেন্যান্ট কর্নেল ইসরাত জানান।
র্যাব-৫ এর বিনোদপুর ক্যাম্পে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয় সংবাদ ব্রিফিংয়ে।
র্যাব কর্মকর্তা ইসরাত জানান, সেলিমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং রাজশাহীর বাগমারা থানায় দুটি মামলা রয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের দুরুল হুদার ছেলে। ভারতে তার স্ত্রী অবস্থান করার কারণে তিনি মাঝেমধ্যে ভারতে যাতায়াত করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলামের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ১০টার দিকে র্যাব ও বিডিআরের একটি যৌথ দল জোহরপুর-বেলপাড়ার সেলিমের শ্বশুর কামরুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক র্যাব কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সেলিম অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত।
গত ২৮, ২৯ ও ৩০ জুন স্থানীয় পুলিশের সহায়তায় গাজীপুরের জয়দেবপুর এবং রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান চালিয়ে ইসলাম ও মুসলিম নামের জঙ্গি গ্র"পটির প্রধান সংগঠকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরা বর্তমানে পুলিশ হেফাজতে (রিমান্ড) রয়েছেন।
এ তিনজন হলেন- প্রধান সংগঠক আব্দুর রহিম ওরফে শাহাদাত, আঞ্চলিক কমান্ডার ও বাংলা ভাইয়ের ঘনিষ্ট সহযোগী বলে পরিচিত সাজেদুর রহমান ওরফে হানিফ এবং বাগমারা থানার দায়িত্বপ্রাপ্ত জেএমবি নেতা জালাল উদ্দিন ওরফে জালাল।
জেএমবির কিছু প্রভাবশালী নেতার সঙ্গে মনোমালিন্য হওয়ায় শাহাদাত ও সেলিম 'ইসলাম ও মুসলিম' নামে নতুন এ জঙ্গি গ্র"প গড়ার উদ্যোগ নেন। তারা নবগঠিত গোষ্ঠীর সদস্যদের পর্যায়ক্রমে অস্ত্র ও গুলি তৈরির প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু করেছিলেন।
জুনের মাঝামাঝি চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে অস্ত্র-গুলি, গুলি তৈরির সরঞ্জামসহ এ সংগঠনের চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24