২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা স্থলবন্দরে অচলাবস্থা অব্যাহত

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের ধর্মঘটে এপারের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবারও আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

সাতক্ষীরা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের ধর্মঘটে এপারের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবারও আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ধর্মঘটের কারণে ভোমরার প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এমনকি স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। গত ১ জুন ট্রাকচালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। ওইদিন সংঘর্ষের পরপরই সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ বন্ধ করে দেন। এ কারণে ভোমরা স্থলবন্দর দিয়েও আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে দুপারে আটকা পড়ে কয়েক শ' পণ্য বোঝাই ট্রাক। তিনদিন পর শনি ও রোববার এসব পণ্য খালাসের জন্য কাজ হয়। কিন্তু দাবি পুরণ না হওয়ায় ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্টরা ধর্মঘট ডাকেন। ভোমরা বন্দর কাষ্টমসের সহকারী কমিশনার মহিউদ্দীন আহম্মেদ জানান, ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ধর্মঘটের কারণে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে ভোমরার সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, বিরোধ নিরসনের লক্ষ্যে বুধবার দুপুরে বিবদমান পক্ষগুলোর আবার আলোচনায় বসার কথা রয়েছে। ভোমরা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সালেক ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ধর্মঘটের কারণে ভোমরা স্থলবন্দরের প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তারা অবিলম্বে ধর্মঘট প্রত্যাহারের জন্য ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতি আহবান জানিয়েছেন। সাতক্ষীরা বড় বাজারের তরকারির ব্যবসায়ী রওশন আলী জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব বাজারেও পড়েছে। আমদানি নির্ভশীল পেঁয়াজ, আলু, ফল, মসল্লাসহ বিভিন্ন জিনিসপত্রের দাম একদিনেই কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.