২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলীয় ৬ জেলায় বিনামূল্যে বীজ দেবে এফএও

উপকূলীয় ছয়টি জেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে ৫০ মেট্রিক টন বোরো বীজ সরবরাহ করবে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 11:28 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় ছয়টি জেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে ৫০ মেট্রিক টন বোরো বীজ সরবরাহ করবে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। লবণাক্ততা সহিষ্ণু বিআর-৪৭ নামে বোরো ধানের এই জাতটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) উদ্ভাবন করেছে। এফএও'র সদর দপ্তরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক স্ট্যামুলিস কোস্টাস এবং আবাসিক প্রতিনিধি অ্যাড স্পাইকার্স মঙ্গলবার খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করে বীজ সরবরাহের কথা জানান। এফএও যে ছয়টি জেলায় বিআর-৪৭ জাতের বোরো বীজ সরবরাহ করবে, সেগুলো হলো- বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও বরিশাল। দেশের উপকূলীয় এলাকার লোনা পানিতে সাধারণত বোরো ধান ভালো হয় না। বিআর-৪৭ নামের নতুন এ জাত লবণাক্ততা সহিষ্ণু হওয়ায় ওই এলাকায় আবাদ করা সম্ভব হবে বলে কৃষিবিদরা বলছেন। এফএও প্রতিনিধি দল জানায়, ঘূর্ণিঝড় আইলায় উপকূলীয় এলাকায় কৃষি, মৎস্য ও পশুসম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে তারা একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনের একটি অনুলিপিও মন্ত্রীর কাছে দিয়েছে তারা। মন্ত্রী এফএও'র সহযোগিতার জন্য ধন্যবাদ এবং খাদ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। এফএও প্রতিনিধি দল খাদ্য নীতির আধুনিকায়ন ও শক্তিশালীকরণে সহযোগিতা এবং খাদ্য নিরাপত্তাসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৩৭ ঘ.