নোয়াখালী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মঙ্গলবার দুপুরে বিএনপিদলীয় সাবেক সাংসদ ও পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেমের বাড়িতে হামলা হয়েছে। হামলাকারীরা বাড়ির দরজা জানলা ভাঙচুর করে।
নোয়াখালী মেডিকেল কলেজের জন্য নির্ধারিত জমি নিয়ে করা রিট পিটিশন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা দুপুর ১টার দিকে তার বাড়িতে হামলা চালায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তেমন ভাঙচুর হয়নি। উচ্ছৃঙ্খল কিছু যুবক ইটপাটকেল নিক্ষেপ করেছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরে হাশেমের 'হোয়াইট হাউস' নামের বাড়িটির অন্তত ৩৮টি দরজা, জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তারা জানান, সকাল ১১টার দিকে বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে সড়ক অবরোধ করে বেগমগঞ্জ নাগরিক কমিটির ব্যানারে আন্দোলনকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলার ঘটনা ঘটায়।
মানববন্ধন চলাকালে ঢাকা-চট্টগ্রাম ও ফেনী-লক্ষ্মীপরগামী অনেক যানবাহন চৌরাস্তায় আটকা পড়ে। তবে বিকেল চারটার পর যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে।
হামলার ব্যাপারে নাগরিক কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছি। কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব আমাদের নয়।"
বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর মৌজায় নোয়াখালী মেডিকেল কলেজের জন্য নির্ধারিত জমি নিয়ে সাবেক সাংসদ হাশেমের দায়ের করা রিট পিটিশনটি প্রত্যাহারের দাবিতে কয়েকদিন ধরে বেগমগঞ্জ নাগরিক কমিটির ব্যানারে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে আন্দোলনকারীরা।
নোয়াখালী মেডিকেল কলেজের জন্য নির্ধারিত ২৬ একর জমি বিগত জোট সরকারের সময় সাংসদ হাশেম নিজ নামে মেডিকেল কলেজ স্থাপনের জন্য ইজারা নেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি ক্ষমতার পট পরিবর্তনের পর শর্ত ভঙ্গের অভিযোগে ইজারা বাতিল করা হয়। এর বিরুদ্ধে রিট করেন হাশেম।
এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাসে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৯ ঘ.
bdnews24