২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

দেশে গত তিন সপ্তাহে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত ১৮ জনের সন্ধান পাওয়া গেলেও এতে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগের বিস্তার রোধে সরকার তদারকি জোরদার করেছে। দেশের বাইরে থেকে আসা সব ব্যক্তিকে বিমানবন্দরে পরীক্ষা করা হচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গত তিন সপ্তাহে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত ১৮ জনের সন্ধান পাওয়া গেলেও এতে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগের বিস্তার রোধে সরকার তদারকি জোরদার করেছে। দেশের বাইরে থেকে আসা সব ব্যক্তিকে বিমানবন্দরে পরীক্ষা করা হচ্ছে।" তিনি বলেন, ''দেশে এ পর্যন্ত সোয়াইন ফ্লু আক্রান্ত ১৮ জনকে শনাক্ত করা হয়েছে। তাদেরকে সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আট জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে।" আগে কয়েকটি চিহ্নিত দেশ থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও বর্তমানে বিদেশ থেকে আসা সবাইকে পরীক্ষা করা হচ্ছে বলে জানান রুহুল হক। তিনি বলেন, সোয়াইন ফ্লু বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে। উন্নত দেশগুলো কঠোর তদারকির পরও এর বিস্তার রোধ করতে পারেনি। তাই বাংলাদেশেও এর বিস্তার রোধ করা যাবে, তা বলা যাবে না। তবে সরকার চেষ্টা করে যাচ্ছে। বিমানবন্দর, স্থল বন্দর ও নৌ-বন্দরে প্রায় ৭০ থেকে ৮০ হাজার ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তির শরীরে তিন দিন পর্যন্ত এর লক্ষণ বোঝা যায় না। তাই ওই সময়ের মধ্যে কেউ কোথাও ভ্রমণ করলে এর বিস্তার রোধ করা সম্ভব নয়। এর আগে মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/এইচএ/১৭৩২ ঘ.