২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

নওগাঁর ধামইরহাট উপজেলার কাশিম্বীমোড় এলাকায় মঙ্গলবার সকালে বাঁশবাহী একটি ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 07:38 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

নওগাঁ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর ধামইরহাট উপজেলার কাশিম্বীমোড় এলাকায় মঙ্গলবার সকালে বাঁশবাহী একটি ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত মোখলেছুর রহমান (৫৫) ধামইরহাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এবং আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি ওই উপজেলার কাজীপুর গ্রামে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে মোখলেছুর রহমান মোটর সাইকেলে করে উপজেলা সদরে যাচ্ছিলেন। কাশিম্বীমোড় এলাকায় পৌঁছালে বাঁশবাহী একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।" তিনি আরো জানান, মোখলেছুরকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে তাৎক্ষণিক কোনও চিকিৎসক না পেয়ে তার সমর্থকরা স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে। পরে পুলিশ এবং উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের চিকিৎসক সনৎ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঁশের আঘাতে মোখলেছুর রহমানের বুকের পাঁজরের কয়েকটি হাড় ভেঙে গিয়েছিল। লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৪৫ ঘ.