ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে ঝড়ো হাওয়া বইতে পারে- এ আভাস দিয়ে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আওহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকালে অধিদপ্তরের বুলেটিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ুপ্রবাহ প্রবল থাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।
এর প্রভাবে গভীর সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।
এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্র বন্দরকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৩০৫ ঘ.
bdnews24