২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার ঘটনায় ডাচ মন্ত্রীর উদ্বেগ

বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা ও নিরাপত্তা হেফাজতে বিডিআর সদস্যদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সফররত নেদারল্যাণ্ডসের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী বার্ট কেন্ডার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা ও নিরাপত্তা হেফাজতে বিডিআর সদস্যদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সফররত নেদারল্যাণ্ডসের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী বার্ট কেন্ডার্স। দুই দিনের সফর শেষে সোমবার ঢাকা ত্যাগের আগে এক সংবাদ সম্মেলনে ডাচ মন্ত্রী এ উদ্বেগ প্রকাশ করেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে বিডিআর সদস্যদের মৃত্যুসহ বিচার বহির্ভূত সব হত্যার ঘটনা উদ্বেগের বিষয়।" বিচার বহির্ভূত হত্যার বিষয়ে সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির প্রতি সমর্থন জানিয়ে বার্ট কেন্ডার্স আরো বলেন, "সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।" পাশাপাশি বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করার বিষয়েও আশা প্রকাশ করেন তিনি। ডাচ মন্ত্রী বলেন, "পর্যাপ্ত ক্ষমতাসম্পন্ন জাতীয় মানবাধিকার কমিশন গঠন হলে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি সুসংহত হবে।" এছাড়া পানি সম্পদ ব্যবস্থাপনা ও ভূমি পুনরুদ্ধার সংক্রান্ত কাজে বাংলাদেশের প্রতি নেদারল্যান্ডসের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর আগে বিকেলে বার্ট কেন্ডার্স এবং তার দেশের পরিবহন, গণপূর্ত ও পানি ব্যবস্থাপনা বিষয়ক উপ-মন্ত্রী টিনেকি হুইজিনগা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গেও তারা এদিন সাক্ষাৎ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/২২৪৭ঘ.