বান্দরবান, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোরাই কাঠ নিয়ে যাওয়ার পথে রোববার গভীর রাতে বান্দরবান সদর উপজেলায় জিপ খাদে পড়ে মারা গেছেন এক পাচারকারী।
সোমবার সকালে পুলিশ ও বন বিভাগ চোরাই কাঠ এবং তার লাশ উদ্ধার করেছে।
এছাড়া বন বিভাগ পৃথক অভিযান চালিয়ে জিপ বোঝাই বিপুল পরিমাণ কাঠ আটক করে।
নিহতের নাম ইলিয়াস। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরম্বা ইউনিয়নে।
বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুনিরুল ইসলাম জানান, রোববার গভীর রাতে বিপুল পরিমাণ সেগুন কাঠ জিপে বোঝাই করে জেলার চিম্বুক-লামা সড়ক দিয়ে পাচার করে নিয়ে যাওয়ার সময় ভাইট্যাপাড়া এলাকায় জিপটি উল্টে গভীর খাদে পড়ে যায়।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, সম্ভবত চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় গাড়ি উল্টে প্রায় ১২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
আর কেউ মারা গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এবং গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতার মর্গে পাঠিয়েছে।
সদর থানার কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে (নম্বর-০৪)।
পুলিশ জানায়, যে সড়ক দিয়ে রাতে কাঠ বোঝাই জিপটি যাচ্ছিল, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দিনেও এ সড়ক দিয়ে সাধারণত যানবাহন চলাচল করে না। তবে কাঠ পাচারাকরীরা রাতে সড়কটি ব্যবহার করে থাকে।
ডিএফও মুনিরুল ইসলাম জানান, রোববার রাতেই পৃথক অভিযান চালিয়ে বনকর্মীরা শহরের বালাঘাটা এলাকা থেকে একটি জিপ বোঝাই বিপুল পরিমাণ চোরাই সেগুন ও জাম কাঠ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৮ ঘ.
bdnews24