২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে রোগী মৃত্যুর ঘটনায় হামলা-ভাঙচুর, আহত ৭

শহরের খানপুরে অবস্থিত দুশ' শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

নারায়ণগঞ্জ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহরের খানপুরে অবস্থিত দুশ' শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় মৃত খোদেজার বেগমের ভাই সাত্তার, ছেলে নূরনবী, মেয়ে মরিয়ম, শান্তা, সাত্তারের ছেলে ইকবাল, জসীম ও খোরশেদ আহত হয়েছেন। রোগীর আত্মীয়রা তাদের মোবাইল ফোন সেট এবং ১০ হাজার টাকা লুট করে নেওয়ার অভিযোগ করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার চৌড়াপাড়া এলাকার মোখলেসের স্ত্রী খোদেজা বেগমকে (৫৫) হৃদরোগ ও ডায়রিয়ার সমস্যা নিয়ে তার আত্মীয় স্বজনেরা শহরের খানপুর নারায়ণগঞ্জ ২শ' শয্যা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক হায়দার খালেক জানান খোদেজা মারা গেছেন। আত্মীয়স্বজনেরা লাশ নিয়ে যাওয়ার পথে শহরের নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় হাত-পা নড়তে চড়তে দেখে আবার তাকে হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক হায়দার খালেক রোগীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করেন। এর প্রায় ২০ মিনিট পড়ে রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর আত্মীয়স্বজনেরা উত্তেজিত হয়ে ওঠেন। তাদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে চিকিৎসক হায়দার খালেক পালিয়ে যান। রোগীর আত্মীয়স্বজনেরা হাসপাতালের ট্রলি ও কয়েকটি বেড ভাঙচুর করে। এ সময় হাসপাতালের স্টাফ জিয়া, জাবেদ, আলমগীর, নূরুল হক, মান্নান, আয়া সুমা মিলে রোগীর আত্মীয়স্বজনদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মৃতের ভাই সাত্তার অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলায় তার বোনের মৃত্যু হয়েছে। সঠিক সময়ে চিকিৎসা করলে তিনি মারা যেতেন না বলে মনে করেন তিনি। তিনি জানান, অবহেলার প্রতিবাদ করায় হাসপাতালের স্টাফরা তাদের ওপর হামলা চালায়। নারায়ণগঞ্জ ২শ' শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক সঞ্জিত কুমার ঘোষ জানান, রোগীর আত্মীয় স্বজনদের খোয়া যাওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.