চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশ ট্রাক অস্ত্র খালাসের মূল দায়িত্বে থাকা এবং মামলার অন্যতম আসামী হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের আইনী হেফাজতে নেওয়া হয়েছে।
অস্ত্র ও গোলাবারুদের চালানবাহী জাহাজটি সনাক্ত এবং খালাসের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে আরও তথ্য পেতে হাফিজুরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী।
হাফিজুর বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী চালানটি খালাসের মূল দায়িত্বে থাকা হাফিজুরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন আইনী হেফাজতে নেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম ফজলুল বারী তিন দিনের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
মনিরুজ্জামান চৌধুরী জানান, ইতিমধ্যে তদন্তে যথেষ্ট অগ্রগতি হলেও চালানটি কোন জাহাজে করে দেশের সমুদ্রসীমায় আনা হয়েছে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে চালানটি কোন দেশের বন্দর থেকে জাহাজে বোঝাই হয়েছে তাও জানা যায়নি। এ বিষয়গুলো নিশ্চিত হতেই হাফিজুরকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে হাফিজুরের দেওয়া দু'দফা জবানবন্দিতে কিছু বিষয় অস্পষ্ট থাকায় তাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বছর এ মামলার অধিকতর তদন্ত শুরু হওয়ার পর থেকে এ নিয়ে হাফিজুরকে তিন দফায় রিমান্ডে নেওয়া হলো।
সিআইডির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, অস্ত্রবাহী জাহাজের চালানটি সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে সিআইডি ইতিমধ্যে প্রয়োজনীয় কিছু তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। তবে এ বিষয়ে স্পষ্ট কোন কিছু জানা না গেলেও এইচআরসি শিপিং লাইনের মালিকানাধীন জাহাজ 'বঙ্গ বোরাক'কে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ওই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের সময় ওই জাহাজটি হাফিজুরকে দেখানো হবে।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) জেটি ঘাটে খালাসের সময় ১০ ট্রাক ভারীসহ বিভিন্ন ধরণের অস্ত্র ও গোলাবারুদের বিশাল চালানটি আটক করে পুলিশ।
তত্ত্বাবধায়ক সরকারের সময় আদালতের নির্দেশে চালানের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ২০০৮ সালের ৮ মার্চ মামলাটির অধিকতর তদন্ত শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসকে/২১৫০ঘ.
bdnews24