২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস আটকে যাত্রী নামিয়ে দিলেন মালিক সমিতির নেতারা

বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা এবার বাগেরহাটের উপর দিয়ে বেসরকারি পরিবহন সংস্থার বাস চলাচল বন্ধের চেষ্টায় নেমেছেন। সোমবার তারা দূরপাল্লার সেভেন স্টার, দোয়েল ও সৈয়দ পরিবহনের তিনটি বাস থামিয়ে যাত্রীদের নেমে যেতে বাধ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

বাগেরহাট, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম) - বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা এবার বাগেরহাটের উপর দিয়ে বেসরকারি পরিবহন সংস্থার বাস চলাচল বন্ধের চেষ্টায় নেমেছেন। সোমবার তারা দূরপাল্লার সেভেন স্টার, দোয়েল ও সৈয়দ পরিবহনের তিনটি বাস থামিয়ে যাত্রীদের নেমে যেতে বাধ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতি বাগেরহাটের উপর দিয়ে বিআরটিসি বাস চলাচলে বাধা দিয়েছিল। তাদের দাবি বিআরটিসির বাস বন্ধ করে দিতে হবে। এ লক্ষ্যে ৩০ জুন থেকে পার্শ্ববর্তী খুলনা ও পিরোজপুরসহ চার জেলার বাস মালিকরা দু'দিন ধর্মঘট করেছে। সেভেন স্টার পরিবহন বেনাপোল-বাগেরহাট-কুয়াকাটা রুটে, দোয়েল পরিবহন বেনাপোল-বাগেরহাট-আমুয়া-কুয়াকাটা এবং সৈয়দ পরিবহন খুলনা-ঝালকাঠি-কাঠালিয়া রুটে চলাচল করে থাকে। সেভেন স্টার পরিবহনের ব্যবস্থাপক মকবুল হোসেন অভিযোগ করেন, সোমবার সকাল ৭ টায় ২৮ জন যাত্রী নিয়ে বেনাপোল থেকে তাদের একটি বাস (ঢাকা মেট্রো ব ০১১-৩৮৫) কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। বেলা সাড়ে ১১টা নাগাদ বাগেরহাট বাস টার্মিনালে পৌঁছালে বাস মালিক সমিতির নেতারা গাড়ি আটকে যাত্রীদের নামিয়ে দিয়ে বাগেরহাটের উপর দিয়ে বাস চালানো যাবে না বলে চালককে জানিয়ে দেন। তিনি জানান, রুট পারমিট নিয়ে ১০ জুন থেকে তারা দুটি বাস চালু করেছিলেন। গাড়ি চলাচল শুরুর পর চিঠি দিয়ে বাগেরহাট বাস মালিক সমিতিসহ প্রশাসনকে অবহিত করা হয়েছিল। সৈয়দ পরিবহনের ব্যবস্থাপক সৈয়দ মোহম্মদ রানা জানান, গত আট মাস ধরে প্রতিদিন বাগেরহাটের উপর দিয়ে তাদের চারটি বাস যাওয়া আসা করে। সোমবার সকাল সাড়ে ৮টায় খুলনা থেকে কাঠালিয়ার (ঝালকাঠি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া (ঢাকা মেট্রো ভ-১৪-৩০০৯) বাসটি বাগেরহাট বাস টার্মিনালে পৌঁছালে স্থানীয় বাস মালিক নেতারা আটকে দেন। তারা ৪৫ জন যাত্রীকে বাস থেকে নামিয়ে দিয়ে হয়রানি করেন। হয়রানির আশঙ্কায় দুপুরে নির্ধারিত আরেকটি বাস তিনি খুলনা থেকে ছাড়েননি বলে জানান। এর আগে একবার একই ভাবে হয়রানি করায় তিনি কিছুদিন ওই রুটে বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন বলে জানান। বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু বলেন, বাগেরহাটের উপর দিয়ে দোয়েল, সৈয়দ, সেভেন স্টার, ডিশলাইন, ড্রিমল্যান্ড, মেট্রো ও আগমনী নামে বেশ কিছু বাস চলাচল করে যাদের কোন বৈধ কাগজপত্র ও রুট পারমিট নেই। দূরপাল্লার বললেও আসলে এরা খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে অবৈধভাবে পিরোজপুর ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যাত্রী পরিবহন করে। এতে বাগেরহাট, খুলনা, পিরোজপুরসহ এ রুটের বৈধ বাস মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাগেরহাটের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির জানান, বাস মালিকদের হাতে কয়েকটি বাস আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাসগুলো ছাড়িয়ে দেয়। তিনি বলেন, "কোন বাসের কাগজপত্র বা রুট পারমিট না থাকলে তা দেখার জন্য পুলিশ ও বিআরটিএ রয়েছে। এটা বাস মালিকদের দেখার বিষয় না। বাস মালিকরা সুনির্দিষ্ট অভিযোগ করলে যথাযথ কর্তৃপক্ষ তা খতিয়ে দেখবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৭ ঘ.