২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

সরকার খুব শিগগিরই ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সেইসঙ্গে তিনি বলেন, এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে মন্ত্রী-সাংসদদের সম্পদের হিসাব নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 08:00 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার খুব শিগগিরই ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সেইসঙ্গে তিনি বলেন, এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে মন্ত্রী-সাংসদদের সম্পদের হিসাব নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। সোমবার সকালে সচিবালয়ে সফররত নেদারল্যান্ডসের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী বার্ট কোয়েণ্ডারসের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা জানান। রোববার জাতীয় সংসদে উপস্থাপিত ঋণ খেলাপিদের তালিকা প্রসঙ্গে জানতে চাইলে মুহিত বলেন, "সরকার খুব শিগগিরই ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবে। ঋণ খেলাপি- সে যত বড়ই হোক না কেন তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। এ ব্যাপারে খুব শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। "খেলাপি ঋণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি টাস্কফোর্স কাজ করছে। বাংলাদেশ ব্যাংক ব্যাসেল-২ বাস্তবায়ন করতে যাচ্ছে। এটি বাস্তবায়িত হলে ব্যাংকগুলো সচেতন হবে। খেলাপি ঋণের সংস্কৃতি ধীরে ধীরে দূর হবে।" এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, শুধু সরকার বা রাজনীতিবিদ নয়, খেলাপি ঋণের জন্য ব্যাংক কর্তৃপক্ষও দায়ী। তবে কিছু কিছু ঋণ খেলাপি হয়েছে মূলত রুগ্ন শিল্পের কারণে। এসব শিল্পের ব্যাপারে সরকার খুব শিগগিরই ব্যবস্থা নেবে। এসব রুগ্ন শিল্পকে বিদায় করতে হবে। যেসব শিল্প রুগ্ন হয়েছে তাদের খেলাপি ঋণ নিষ্পত্তির জন্য কেবল মূলধন আদায় করা যায় কিনা সে বিষয়টিও চিন্তা করা হচ্ছে। মন্ত্রী-সাংসদদের সম্পদের হিসেব প্রসঙ্গে মুহিত জানান, এ ব্যাপারে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নীতিমালা চলতি মাসের শেষ বা আগামী মাসের প্রথম দিকে অনুমোদন পেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। অর্থমন্ত্রী দেশের ঋণখেলাপি ২ হাজার ১৯৬টি প্রতিষ্ঠানের তালিকা রোববার জাতীয় সংসদে উপস্থাপন করেন। এসব প্রতিষ্ঠানের কাছে মোট ঋণের পরিমাণ ১৫ হাজার ৪৫১ শ কোটি ২ লাখ টাকা জানিয়ে অর্থমন্ত্রী সংসদে বলেন, খেলাপি ঋণ আদায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)- এর তথ্য তুলে ধরে তিনি আরো জানান, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দেশে ১ কোটি এবং তার চেয়ে বেশি টাকা ঋণখেলাপির সংখ্যা ২ হাজার ১৯৬ জন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৩১ মার্চ পর্যন্ত ৫৯১ কোটি ৪৪ লাখ টাকা খেলাপি ঋণ আদায় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এইচএ/১৪২৭ ঘ.