ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সফল অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহেনুর মিয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, 'চিকিৎসকরা কয়েকদিন মন্ত্রীকে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন। ফিজিওথেরাপি শেষে শিগগিরই তিনি সুস্থ হয়ে দেশে ফেরার আশা ব্যক্ত করেছেন।'
এতে আরও জানানো হয়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কোমরে অস্ত্রোপচারের পর সাহারা খাতুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ইতোমধ্যে হাসপাতালের চিকিৎসকরা তার বিভিন্ন সাপোর্ট সরিয়ে নিয়েছেন। রোববার সকালে তিনি বিছানা থেকে নেমে হেঁটে স্নানকক্ষে গিয়ে গোসল করেছেন।
গত ২৯ জুন স্বরাষ্ট্রমন্ত্রী তার সরকারি বাসভবনের বাথরুমে পিছলে পড়ে কোমরে আঘাত পান। চিকিৎসকের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্যে ১ জুলাই সিঙ্গাপুর যান। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২ জুলাই সাহারা খাতুনের কোমরে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২২২৯ ঘ.
bdnews24