নওগাঁ, ০৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর পোরশা উপজেলার সোনাডাঙ্গা খাতিরপুর গ্রামের আদিবাসী পাড়ায় হামলা, অগ্নিসংযোগ এবং আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে রোববার বিকেলে জাতীয় আদিবাসী পরিষদ সেখানে সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন। অন্যথায় ২৫ জুলাইয়ের পর থেকে লাগাতার আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।
১২ জুন প্রায় দুই শতাধিক হামলাকারী আদিবাসী গ্রামে হামলা চালিয়ে ঘর-বাড়ি ভাঙচুর এবং লুটপাট করে। পরে ৭৩টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত সমাবেশে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জের আদিবাসী প্রতিনিধিরাও যোগ দেন।
জাতীয় আদিবাসী নওগাঁ জেলা শাখার সভাপতি আমিন কুজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, সিপিবি'র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, চট্টগ্রাম গণসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাতীয় আদিবাসী পরিষদের নেতা রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24