২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের আনোয়ারায় ব্যবসায়ী অপহরণ

আনোয়ারা উপজেলায় বাবুল সরকার নামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে অস্ত্রের মুখে বড় ভাইকে বেঁধে রেখে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনোয়ারা উপজেলায় বাবুল সরকার নামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে অস্ত্রের মুখে বড় ভাইকে বেঁধে রেখে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ বাবুলকে উদ্ধারে অভিযান শুরু করলেও এখনও তার কোন খোঁজ পায়নি বলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। সিএনজি অটোরিকশা ও গ্যারেজ ব্যবসায়ী বাবুলের বাড়ি আনোয়ারা সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামে। জয়কালী বাজারের গ্যারেজ থেকে ব্যবসা চালান তিনি। পরিবারের সদস্যদের উদ্ধৃত করে আনোয়ারা থানার ওসি জানান, বাবুল দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। বেশ কিছু দিন আগে দেশে ফিরে তিনি গাড়ি ব্যবসা শুরু করেন। ওসি জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার অদূরে ৬/৭ জন অস্ত্রধারী বাবুল ও তার বড় ভাই অধীর সরকারকে ঘিরে ধরে। দুর্বত্তরা অপহৃতের বড় ভাই অধীর সরকারের হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে বাবুলকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। ওসি জানান অপহরণের সংবাদ পেয়ে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) শফিকুল ইসলাম আনোয়ারা পরিদর্শনে যান এবং তিনি উদ্ধার অভিযান দেখভাল করছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২০২৩ঘ.