২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রি-হুইলার আমদানীর অনুমতি আর দেওয়া হবে না: যোগাযোগমন্ত্রী

নতুন করে আর কোনো তিন চাকার যন্ত্র-যান (থ্রি-হুইলার) আমদানির অনুমতি দেবে না সরকার। একইসঙ্গে পুরোনোগুলোর লাইসেন্সও (সনদ) নবায়ন করা হবে না। রাজধানী ঢাকায় চলাচলকারী তিন চাকার যন্ত্রযানগুলো যানজট ও অপরাধের অন্যতম উৎস মন্তব্য করে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন রোববার এ সিদ্ধান্তের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন করে আর কোনো তিন চাকার যন্ত্র-যান (থ্রি-হুইলার) আমদানির অনুমতি দেবে না সরকার। একইসঙ্গে পুরোনোগুলোর লাইসেন্সও (সনদ) নবায়ন করা হবে না। রাজধানী ঢাকায় চলাচলকারী তিন চাকার যন্ত্রযানগুলো যানজট ও অপরাধের অন্যতম উৎস মন্তব্য করে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন রোববার এ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রণালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের এক সভার পর তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, "রাজধানী ঢাকায় প্রতিনিয়ত যে যানজট সৃষ্টি হচ্ছে, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তিন চাকার এই ধীরগতির যানবাহনগুলো। এসব যানবাহন যানজটের পাশাপাশি অপরাধীদের অন্যতন বাহন। তাই সরকার নতুন করে আর কোন তিন চাকার যান আমদানির সনদ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।" পুরোনো তিন চাকার যন্ত্রচালিত বাহনগুলোর সনদও নবায়ন না করার সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার এর বিকল্প চিন্তাভাবনা করছে বলে আবুল হোসেন জানান। এসব যানবাহন বন্ধ হয়ে গেলে নগরবাসী যেন কোনো সমস্যায় না পড়ে সেদিকে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে বলে আশ্বাস দেন মন্ত্রী। রাজধানীতে ২০ বছরের বেশি পুরোনো গাড়ি চলাচল বন্ধে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, "বিকল্প ব্যবস্থা গ্রহণ করেই সরকার এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। তার আগে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।" তবে যত দ্রুত সম্ভব এসবের ব্যাপারে সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। সরকার শিগগিরই ভ্রাম্যমাণ আদালত শুরু করার চিন্তাভাবনা করছে জানিয়ে আবুল হোসেন বলেন, মন্ত্রিসভার পরবর্তী বৈঠকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করা হবে। সভায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২০০৯-১০ সালের আগাম কর্মপরিকল্পনা এবং ২০০৮-০৯ অর্থবছরের কর্মপরিকল্পনা অনুযায়ী গৃহীত ব্যবস্থা অনুমোদন দেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক ও রেলপথ বিভাগের সচিব এএসএম আলী কবীর, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, দুর্ঘটনা হ্রাস সচেতনতা আন্দোলন 'নিরাপদ সড়ক চাই' এর সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন, সাংসদ ফারাহ বেগম কবরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/২০০৪ঘ.