চট্টগ্রাম, জুলাই ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং বকেয়া পরিশোধের দাবিতে রোববার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা।
সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিলুপ্ত ডক শ্রমিক পরিচালনা বোর্ড আবার চালুর দাবিও জানানো হয়।
চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক কর্মচারী ফেডারেশনের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন ফেডারেশনভুক্ত ২২টি সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর অনুষ্ঠিত সমাবেশে অবিলম্বে দাবি পূরণের জন্য বন্দর কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহবান জানান শ্রমিক নেতারা।
১২ জুলাই চট্টগ্রাম বন্দরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান।
শ্রমিক নেতারা বলেন, দাবি না মানলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন।
ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক চৌধুরী, ডক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদ, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর নওশাদ প্রমুখ।
সমাবেশ শেষে ফেডারেশনের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবরে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24