ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কামরাঙ্গীরচরে হত্যা মামলার আসামি সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. রাশেদ কবির এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক বেলায়েত হোসেন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৯ জুন বিভিন্ন দাবি আদায়ে জনতা মনির হোসেনকে ঘেরাও করলে তিনি নিজের আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলে হাসান (১৮) নামের এক কিশোর নিহত হন। গুলিবিদ্ধ হন আরও তিনজন। ঘটনার পর মনির পালিয়ে যান।
এ ঘটনায় মনির চেয়ারম্যানকে আসামি করে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা হয়।
৩০ জুন মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর বাড্ডার একটি বাসা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করে।
ওইদিনই মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রুহুল আমিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। তবে আদালত সেদিন আদেশ না দিয়ে রোববার শুনানির দিন ধার্য করে।
রিমান্ড আবেদনে বলা হয়, অভিযুক্ত প্রকাশ্যে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটি একটি আলোচিত হত্যা মামলা।
এজাহারে সুনির্দিষ্টভাবে ১৮ জন আসামির নাম ঠিকানা থাকলেও ৩-৪ জনকে অজ্ঞাতনামা হিসাবে উল্লেখ করা হয়েছে।
মূল অভিযুক্তদের সহযোগী অজ্ঞাতনামাদের নাম ঠিকানা বের করতে মনিরকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
রিমান্ড আবেদনের বিরোধিতা করে মনিরের আইনজীবী খলিলুর রহমান হাওলাদার বলেন, "কিছুদিন আগে মনিরের অস্ত্রোপচার হয়েছে। রিমান্ডে নেওয়া হলে তিনি মারা যেতে পারেন।"
শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এজে/এমআই/১৯০৬
bdnews24