ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট সরকারি পিসি কলেজের মহিলা হোস্টেলের দুপুরের খাবার খেয়ে শনিবার ৬৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।
তাদের মধ্যে অন্তত ৩৩জনকে রাতে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৩০জনের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অবশিষ্টরা হোস্টেলেই নিজেদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।
ছাত্রীদের অসুস্থ হওয়ার কথা স্বীকার করে হল সুপার প্রভাষক উম্মে তাহিরা শাহনাজ জানান, দুপুরে বয়লার মুরগীর মাংস ও ডাল রান্না করা হয়েছিল।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. বিদ্যুৎ কান্তি পাল বলেন, ৩৩জনের কেউ কেউ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আবার বমিও করেছেন কেউ কেউ।
তবে তারা শঙ্কা মুক্ত বলে উল্লেখ করে তিনি বলেন, মুরগীর মাংস খেয়ে তারা অসুস্থ হয়ে থাকতে পারেন বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
ডাইনিং ম্যানেজার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সোমা বিশ্বাস ও প্রাণীবিদ্যা বিভাগের দীপিকা জোয়ার্দ্দার বলেন, তারা বাজার থেকে তিনটি মুরগী কিনে রান্নার জন্য বাবুর্চি ইলিয়াস আহমেদকে দেন এবং তিনিই রান্না করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/০০১৯ ঘ.
bdnews24