২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ব্যবস্থায় সমন্বয়ের অভাবে দক্ষ কর্মী তৈরি হচ্ছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থায় সমন্বয়ের অভাবেই দক্ষ জনবল গড়ে তোলা সম্ভব হচ্ছে না বলে অভিমত দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত 'প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়: অতীত ও বর্তমান' শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ব্যবস্থায় সমন্বয়ের অভাবেই দক্ষ জনবল গড়ে তোলা সম্ভব হচ্ছে না বলে অভিমত দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত 'প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়: অতীত ও বর্তমান' শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, "আমাদের দেশে যুগের চাহিদা অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধাপে রয়েছে সমন্বয়হীনতা। দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে এটি প্রধান অন্তরায়।" পাশাপাশি শিক্ষাখাতে বরাদ্দ যথেষ্ট পরিমাণ বরাদ্দ দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ খুবই কম বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, এরকম নানা কারণে এসএসসির পরই ৪২ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ে। এ সমস্যা দূর করতে সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন নূরুল ইসলাম নাহিদ। ঢাবি'র সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, "গবেষণা না হলে বিশ্ববিদ্যালয়ের যথার্থতা থাকে না। এজন্য গবেষণা কেন্দ্র বাড়ানো প্রয়োজন।" গবেষণার নামে উচ্চ শিক্ষার্থে বিদেশ গিয়ে ফিরে না আসার মানসিকতা পরিবর্তনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। শুধু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই নয়, সামাজিক প্রতিষ্ঠান হিসেবেও একটি বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান রয়েছে- জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক বলেন, "৭৩-র অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের চর্চা রক্ষায় সর্বদা বিশ্ববিদ্যালয় পরিবারকে সচেষ্ট থাকতে হবে।" আরেক প্রাক্তন উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ তার বক্তব্যে শিক্ষাসহ নানান ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় তার স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য তুলে ধরে বলেন, "আশা করি নতুন প্রজন্মও বাধা-বিপত্তি অতিক্রম করে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে এগিয়ে যাবে।" বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আ ফ শাহেদ আলী। মূল প্রবন্ধ পাঠ করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব রকিব উদ্দন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ডাকসু'র সাবেক ভিপি জাসদ (জেএসডি) নেতা আসম আব্দুর রব প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/২১৪০ঘ.