ঢাকা জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কাওরানবাজারে তিন হত্যার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করলেন মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক।
পুলিশ কমিশনার শনিবার বিকালে মহানগর গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ওই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও হত্যায় মোট ৩০ জন অংশ নেয় বলে বলে পুলিশ জানতে পেরেছে। তাদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তিনজন সেদিন হত্যাকাণ্ডের সময় নিজহাতে গুলি ছোড়ে।
কমিশনার একেএম শহিদুল হক বলেন, "কাওরান বাজারে প্রতিদিনই বিভিন্ন নামে পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা তোলা হয়। বিভিন্ন সমিতির নামেও চাঁদা আদায় করা হয়। ফারুক মোল্লা দীর্ঘদিন এখানে প্রভাব বিস্তার করে চাদাবাজি করে আসছে। ফারুক মোল্লার কারণে এই মার্কেটে অন্যরা ঢুকতে পারছিল না। যারাই ঢোকার চেষ্টা করেছে, ফারুক মোল্লা তাকেই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এ কারণে নিজেদের রাস্তা পরিষ্কার করার জন্যেই ফারুক মোল্লাকে হত্যা করা হয়েছে।"
হত্যাকারীদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "এদের মধ্যে বেশ কয়েকজন গডফাদার রয়েছে যারা বিভিন্নভাবে কাওরানবাজারে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। আমরা এদের নামও জানতে পেরেছি। তাদের গ্রেপ্তারের জন্যে চেষ্টা চালানো হচ্ছে। এদের মধ্যে এজাহারভুক্ত ৪ আসামীও রয়েছে।"
কমিশনার জানান, গ্রেপ্তারকৃত হত্যাকারীরা স্বীকার করেছে, প্রাথমিকভাবে ১ লাখ ৪৫ হাজার টাকার বিনিময়ে তারা হত্যাকাণ্ডে অংশ নেয়। এছাড়া প্রত্যেকের একটি করে মোটরসাইকেল, ৫০ হাজার টাকা ও প্রতিদিন ৫০০ টাকা করে পাবার কথা ছিল। এরা সকলেই উঠতি সন্ত্রাসী। ঘটনার দিন তাদের হাতে ৪টি পিস্তল ও ৫টি রিভলবার ছিল।
সংবাদ সম্মেলন শেষে ছয় কথিত হত্যাকারীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এদের মধ্যে রাকিব আহমদ সোহেল (৩২) জানায়, কাওরান বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী আশিক গ্র"পের দ্বিতীয় নেতা মামুন হত্যার প্রতিশোধ হিসাবেই ফারুক মোল্লাকে হত্যা করা হয়েছে। বিভিন্ন মাধ্যম হয়ে আশিকের নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। সোহেল নিজে চারটি গুলি ছুড়েছিল বলে স্বীকার করে।
ভারতে পলাতক আশিকের প্রতিনিধি হিসাবে মামুন কাওরান বাজারে চাঁদাবাজি করার চেষ্টা করে। অভিযোগ রয়েছে, ফারুক মোল্লার সহায়তায় র্যাব সদস্যরা মামুনকে ক্রসফায়ারে হত্যা করে।
গত ২৬ জুন দুপুরে কাওরান বাজার আদর্শ ফল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুক হোসেন মোল্লা, আশরাফ হোসেন ও জুয়েলকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরেকজন মারাত্মক আহত হন।
ঘটনার রাতে ফারুক মোল্লার ভাই মোবারক হোসেন বাদী হয়ে বিএনপি নেতা নবী সোলায়মান, এল রহমান, সাইদ ও নুরুল ইসলামসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেখানে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ফারুক মোল্লাকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২১১৭ঘ.
bdnews24