বাগেরহাট, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সরকারি পিসি কলেজের ছাত্রীনিবাসে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বাগেরহাট সরকারি পিসি কলেজের উপাধ্যক্ষ সরোজ কুমার দেব রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গঠিত কমিটির প্রধান হচ্ছেন বাংলা বিভাগের অধ্যাপক লুৎফুন্নেছা। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, অর্থনীতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম।
শনিবার বাগেরহাট ছাত্রীনিবাসে দুপুরের খাবার খেয়ে ৬১ জন ছাত্রীসহ মোট ৬৩ জন অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৩১ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বাগেরহাটের সিভিল সার্জন সুভাস কুমার সাহা বলেন, "আক্রান্ত ছাত্রীদের বমি পরীক্ষা করা সম্ভব হলে খাদ্যে বিষক্রিয়ার প্রকৃত কারণ জানা সম্ভব হতো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩০০ ঘ.
bdnews24