ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ৫ কোটির বেশি টাকা অপচয় হয়েছে বলে দাবি করেছে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে 'দেশ টিভি'র খবরে বলা হয়, কোরাম সঙ্কটের কারণে সংসদের প্রথম অধিবেশনে ২৫ ঘণ্টা ৪৮ মিনিট সময় নষ্ট হয়েছে। প্রতিদিন গড়ে সময় নষ্ট হয়েছে প্রায় ৪০ মিনিট। এতে অপচয়ের পরিমাণ ৫ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।
দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থাটির বাংলাদেশ শাখা আরও জানায়, প্রথম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাংসদরা নেতা-নেত্রীদের প্রশংসা-নিন্দা করেছেন ৬০৩ বার।
সংসদের বিদ্যুৎসহ বিভিন্ন ব্যয়ের হিসাব থেকে অপচয়ের হিসাব তৈরি করে টিআইবি।
'পার্লামেন্ট ওয়াচ' শিরোনামের টিআইবির ওই প্রতিবেদনে বলা হয়, প্রথম অধিবেশনে ৪৮টি সংসদীয় কমিটি গঠন করা হয়, যার মধ্যে চারটিতে বিরোধী দল থেকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
প্রধান বিরোধী দল আসন বিন্যাসকে কেন্দ্র করে প্রথম অধিবেশনে ১৭ কার্যদিবস সংসদ বর্জন করে। ওয়াক আউট করে ছয় বার।
টিআইবির প্রতিবেদনে বলা হয়, পয়েন্ট অব অর্ডার বা অনির্ধারিত আলোচনায় প্রথম অধিবেশনে মোট ৩ দশমিক ৭ ভাগ ব্যয় হয়। এসব আলোচনায় দলের শীর্ষ নেতা-নেত্রীদের প্রশংসা করা হয় ২৬১ বার, সমালোচনা করা হয় ৩৪২ বার। অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা হয় ৫০৩ বার।
প্রতিবেদনে বলা হয়েছে, সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। তবে দ্রুততম সময়ে সংসদীয় কমিটি গঠন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইতিবাচক মাত্রা যোগ করেছে।
গত ২৫ জানুয়ারি নবম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। তা চলে ৮ এপ্রিল পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এসকে/২০০২ঘ.
bdnews24