নওগাঁ, ০৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁয় বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ আব্দুল জলিলের আহ্বানে নওগাঁ মোটর মালিক ও শ্রমিকেরা শনিবার বিকেল পাঁচটার দিকে ধর্মঘট প্রত্যাহার করে।
বগুড়ার চারমাথায় চাঁদাবাজি, শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে নওগাঁ জেলা পরিবহন মালিক গ্র"প ও নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য নওগাঁ-ঢাকা, নওগাঁ-রাজশাহীসহ অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট আহ্বান করে।
নওগাঁ জেলা পরিবহন মালিক গ্র"পের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম চৌধূরী এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান বাবু ধর্মঘট প্রত্যাহারের কথা স্বীকার করেছেন।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাংসদ আব্দুল জলিল সমস্যা সমাধানে পদক্ষেপ নেবেন বলে জানানোর পর তারা ধর্মঘট প্রত্যাহার করেন।
রফিক ও আখতারুজ্জামান জানান, শুক্রবার নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও নওগাঁ জেলা পরিবহন মালিক গ্র"প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক চলাকালে সাংসদ জলিল মালিক ও শ্রমিকদের প্রতি ধর্মঘট প্রত্যাহারের আহ্ববান জানিয়ে একটি বার্তা পাঠান।
ওই বার্তায় তিনি জানান, চিকিৎসার জন্য তিনি দেশের বাইর যাচ্ছেন। ফিরে এসে নওগাঁ ও বগুড়ার পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যকার বিরোধ নিরসন পদক্ষেপ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24