গাজীপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ ক্যাম্পাসে প্রাইভেট পড়াতে নিষেধ করায় এক সহকর্মীর হাতে শনিবার সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আজিজুল হক গুরুতর জখম হয়েছেন।
ঘটনার পর বিক্ষুদ্ধ ছাত্ররা দায়ী শিক্ষক সফিকুল ইসলামের অপসারণ এবং বিচার দাবি করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সভা করেছে। শিক্ষকরাও জরুরি সভা ডেকে ঘটনার নিন্দা, দায়ী শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষক পরিষদের সাধারণ সদস্যপদ বাতিলের সুপারিশ করেন।
পুলিশ সফিকুল ইসলামকে ক্যাম্পাস থেকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে কলেজ ক্যাম্পাসের বিএনসিসি'র কার্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ সফিকুল ইসলাম ছাত্রদের প্রইভেট পড়াচ্ছিলেন। কলেজে অনুষ্ঠিত ডিগ্রি (পাস) পরীক্ষা পরিদর্শনে গিয়ে অধ্যক্ষ মো. আজিজুল হক প্রাইভেট পড়াতে দেখতে পান। অধ্যক্ষ সফিকুল ইসলামকে ক্যাম্পাসে প্রাইভেট পড়াতে বারণ করে নিজ কক্ষে চলে যান।
সফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টার দিকে অধ্যক্ষের কক্ষে ঢুকে তার নাকে মুখে কিল ঘুষি মারতে থাকেন। এ সময় অন্য শিক্ষকরা গিয়ে অধ্যক্ষকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
কলেজের সমাজ কল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অধ্যক্ষের লাঞ্ছিত হওয়ার খবর পেয়ে কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা সভা করে দায়ী শিক্ষকের অপসারণ দাবি করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা শিক্ষক সফিকুলকে লাঞ্ছিত এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। পরে তারা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক সফিকুল ইসলামকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। দুপুর দেড়টার দিকে শিক্ষক মিলনায়তনে শিক্ষকরা জরুরি সভা ডাকেন। এ ঘটনায় সব ক্লাশ বন্ধ থাকে।
কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ উদ্দিন জানান ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২২ ঘ.
bdnews24