নরসিংদী, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী শহরের পশ্চিম দত্তপাড়া মহল্লায় শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন- তারেক (২৮) ও রবিউল (২৫)।
আহত সুরুজ মিয়াকে (৬০) শহরের সিএন্ডবি রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দোকান ও বেকারির ব্যবসা আছে।
নরসিংদীর পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী মিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, এশার নামাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে মসজিদ থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তারেক ও রবিউল মারা যান।
তিনি জানান, তারেক ও রবিউল ওই মহল্লার বাসিন্দা এবং মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের মামলা রয়েছে। মাদক বিক্রি নিয়ে তারা প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন বলে তিনি জানান।
দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০২ ঘ.
bdnews24