২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৩

রাজধানীর উত্তরায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে শুক্রবার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে তার দুই ভাইকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- স্বামী তৌহিদুল আলম রনি, তার দু' ভাই শফিউল আলম ও রফিকুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে শুক্রবার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে তার দুই ভাইকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- স্বামী তৌহিদুল আলম রনি, তার দু' ভাই শফিউল আলম ও রফিকুল আলম। উত্তরার একটি হাসপাতাল থেকে সকালে আফরোজা পারভীন জুলি (২৪) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের মা পাপিয়া বেগম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে উত্তরা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ এ তিনজনকে গ্রেপ্তার করে। উত্তরা থানার উপ-পরিদর্শক মো. শফিক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শ্বাসরোধের (ফাঁস দিয়ে) কারণে পাপিয়ার মৃত্যু হয়েছে। এরপর পাপিয়ার স্বামী ও অন্য আত্মীয়রা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার সকালে সেখান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় কালো দাগ ছিল। এজাহারে পাপিয়া বেগম অভিযোগ করেন, চার বছর আগে প্রেম করে তৌহিদকে বিয়ে করেন জুলি। এ বিয়ে তৌহিদের পরিবারের সদস্যরা মেনে নেননি। এর জের ধরেই বৃহস্পতিবার রাতে তারা জুলিকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে সাংবাদিকদের জানান, এর আগে জুলির আরেকটি বিয়ে হয়েছিল। চার বছর আগে সে আগের স্বামীকে ছেড়ে প্রেম করে তৌহিদকে বিয়ে করেন জুলি। বিয়ের সময় তৌহিদ দু' লাখ টাকা যৌতুক দাবি করেছিল। এর মধ্যে ৮৯ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু এ বিয়ে মেনে নিতে পারেনি তৌহিদের পরিবার। সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, পারিবারিক বিষয় নিয়ে বিবাদের কারণে জুলিকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার আত্মীয়রা। জুলি তার স্বামীর সঙ্গে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কের ৩৫ নম্বর বাড়িতে থাকতেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরার ৭ নম্বর সেক্টরের আরএমসি হাসপাতাল থেকে নুরুল ইসলাম রানা (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পাক্ষিক 'মুক্তমন' পত্রিকার সাংবাদিক বলে পকেটে পাওয়া পরিচয়পত্র থেকে পুলিশ নিশ্চিত হয়েছে। উত্তরা থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানান, আরএমসি হাসপাতালের পেছনের সড়কে রানাকে পড়ে থাকতে দেখে এক রিক্সাচালক তাকে আরএমসি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি বলেন, নিহতের শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। কীভাবে তার মৃত্যু হলো ময়নাতদন্তের আগে তা বলা সম্ভব নয়। রানার বাবার নাম নজরুল ইসলাম। তারা দক্ষিণখান এলাকায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে। তার বাবাসহ আত্মীয়রা হাসপাতালে গিয়ে লাশ সনাক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৪০ ঘ.