২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ইসলামী ছাত্রী সংস্থার তিন সদস্য গ্রেপ্তার

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের একটি মাদ্রাসা থেকে শুক্রবার ইসলামী ছাত্রী সংস্থার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছে থেকে সাইয়েদ আবুল আল মওদুদী, জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর লেখা বই এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সদস্য রির্পোটসহ কয়েকটি ডায়েরি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

পিরোজপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের একটি মাদ্রাসা থেকে শুক্রবার ইসলামী ছাত্রী সংস্থার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছে থেকে সাইয়েদ আবুল আল মওদুদী, জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর লেখা বই এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সদস্য রির্পোটসহ কয়েকটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। আটককৃতরা হলেন- পিরোজপুর শহরের পারেরহাট সড়ক এলাকার বাসিন্দা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক তানিয়া আক্তার (২৬), জিয়ানগর উপজেলার পশ্চিম চর বলেশ্বর গ্রামের মোসলেম আলী খানের মেয়ে এবং টগড়া মাদ্রাসার ছাত্রী জেসমিন নাহার (২০), পিরোজপুর শহরের মাছিমপুর এলাকার আলমগীর হোসেনের মেয়ে সায়দা ফৌজিয়া আক্তার (১৮)। জিয়ানগর থানার উপ- পরিদর্শক (এসআই) অমর সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তারা বালিপাড়া সিনিয়র মাদ্রাসায় যান। অমর সিংহ জানান, সেখানে গিয়ে তিনি মাদ্রাসার কমনরুমে ওই মহিলা তিনজনকে বসা অবস্থায় দেখতে পান। স্থানীয় মোতালেব সিকদারের স্ত্রী চন্দ্রবান বিবি (৩৫) তাদেরকে পাহারা দিচ্ছিলেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেছেন- কর্মী সম্মেলনে যোগ দিতে তারা মাদ্রাসায় এসেছেন। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ জিয়াউল হকের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। স্থানীয়রা জানান, অধ্যক্ষ জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক খান জানান, আটককৃতদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা (নম্বর-৭৫) হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.