রংপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি সাবেক সাংসদ মশিয়ার রহমান রাঙ্গার বিরুদ্ধে রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের টোল আদায়ে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার পৌর মেয়র এবং জাপার রংপুর শহর শাখার সভাপতি আব্দুর রউফ মানিক ফ্যাক্সের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি অভিযোগপত্র পাঠিয়েছেন।
পৌর মেয়র সাংবাদিকদের বলেন, রংপুর বাস টার্মিনালে রাঙ্গার নেতৃত্বে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে প্রতিকার চেয়েছেন বলে তিনি জানান।
অপরদিকে সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেছেন জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিয়ার।
টোল আদায়ে বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেছেন, টোল আদায় করলেও পৌরসভা টার্মিনালের উন্নয়নে কোন কাজ করছেন না। যাত্রীদের স্বার্থেই তারা টোল আদায় বন্ধ করে দিয়েছেন।
পৌর মেয়র অভিযোগ করেন, রংপুর মটর মালিক সমিতি অন্য নামে অনেক দিন ধরে টার্মিনালের টোল আদায় করে আসছিল। ১ জুলাই থেকে দরপত্রের মাধ্যমে কাজটি পেয়েছে দুস্থ শ্রমিক কল্যাণ সমিতি নামের একটি প্রতিষ্ঠান।
তারা টোল আদায় করতে গেলে মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিয়ারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাধা দেয়। এ নিয়ে টার্মিনাল এলাকায় উত্তেজনা চলছে।
মেয়র অভিযোগ করেন, মটর মালিক সমিতির নেতারা প্রায় দুদশক আগের দরে টোল ও ইজারা মূল্য নির্ধারণ করে তাদের কাজ দেওয়ার জন্য চাপ দিয়েছিল। কাজ না দিলে তারা কাউকেই টোল আদায় করতে দেবে না বলে হুমকিও দেয়।
মটর মালিক সমিতি প্রতিটি বাস থেকে অবৈধভাবে সমিতির নামে একশ' টাকা ও মটর শ্রমিক ইউনিয়নের নামে ৩০ টাকা হারে টাকা তুলে ভাগবাটোয়ারা করে নিচ্ছে বলে মেয়র অভিযোগ করেছেন।
মশিয়ার রহমান শুক্রবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেন, পৌরসভা বাস টার্মিনাল থেকে টোল আদায় করলেও টার্মিনাল সংস্কার করছে না।
মশিয়ার বলেন, বাস টার্মিনাল ভবনের অবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছে। টার্মিনালের রাস্তাগুলো ভরে গেছে খানাখন্দকে। এখানে বাস রাখা যায় না। যাত্রীদের জন্য কোন বিশ্রামাগার নেই। নেই শৌচাগারসহ অন্যান্য সুবিধা। টার্মিনাল সংস্কারের জন্য পৌর সভাকে চার দফা চিঠি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, "আমরা টোল আদায় বন্ধ করে দিয়েছে আমাদের স্বার্থে নয়, যাত্রীদের স্বার্থে।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মটর মালিক সমিতির সভাপতি আবু আজগার আহম্মেদ পিন্টুসহ মালিক সমিতির কয়েকজন নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24