নারায়ণগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় রেলওয়ে কলোনির একটি জরাজীর্ণ একতলা ভবনের ছাদ ধসে শুক্রবার ভোরে নার্গিস (২০) নামের এক তরুণী মারা গেছেন। আহত হয়েছে এক শিশু।
নার্গিস চা দোকানী হানিফ মিয়ার মেয়ে। কিছুদিন আগে তার বিয়ে হয়েছিল। তার স্বামী জাহাঙ্গীর আলম দুবাই প্রবাসী।
কলোনির এ কক্ষটি রেল কর্মচারী সুন্দর আলীর নামে বরাদ্দ। সুন্দর আলীর কাছ থেকে ভাড়া নিয়ে ছয় মাস ধরে হানিফ মিয়া তার পরিবার নিয়ে বসবাস করছেন বলে সাংবাদিকদের জানান।
নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, ভোর সাড়ে ৪টার দিকে আকস্মিকভাবে ঘরের ছাদের পলেস্তারা (ইট-সুরকি) ধসে পড়তে থাকে। হানিফ মিয়ার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঘর থেকে বেরিয়ে আসে। বড় মেয়ে নার্গিস বের হওয়ার সময় ছাদ ধসে তার ওপর পড়ে।
বের হওয়ার সময় আহত হয় ছেলে সাগর (৭)।
এসআই হুমায়ুন জানান, খবর পেয়ে পুলিশ নার্গিসের লাশ উদ্ধার করে।
কলোনি ঘুরে দেখা যায়, ৫/৬টি ভবন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। রেল কর্মচারীরা এসব ভবনের কক্ষ বরাদ্দ নিয়ে নিম্ন আয়ের লোকজনকে ভাড়া দিয়েছে। যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১০ ঘ.
bdnews24