ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাহমুদুল হক ভূইয়াকে শুক্রবার ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে। (আরও তথ্যসহ)
তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাহমুদ গ্রেপ্তারের প্রতিবাদে সকাল ১১টার দিকে জেলা শহরে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিল শেষে সমাবেশ থেকে মাহমুদের মুক্তি দাবি করা হয়।
ছাত্রলীগ নেতাকর্মীরা শহরের টিএ রোডে কয়েকটি দোকান সামান্য ভাঙচুর করে। রাস্তায় আগুন জ্বালিয়ে যানবাহন চালাচল বন্ধ করে দেয়। বিক্ষোভকালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ায় এবং ইটপাটকেল নিক্ষেপে একজন কনস্টেবলসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এ ছাড়া শহরের ভাদুঘর এলাকায় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা দুপুর ১ টা থেকে দুপুরে পৌনে ৪টা পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এ কারণে মহাসড়কের উভয় প্রান্তে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহন আটক পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে শহরের কাজিপাড়ায় বাড়ি থেকে মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, "একটি অপহরণের মামলায় মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে।"
ওসি জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইটের আঘাতে কনস্টেবল হাবিবুর রহমান (২৮) আহত হন। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।
তিনি জানান, বিকেল পৌনে ৪টার দিকে পুলিশ গিয়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
বিকেল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা শহরে এখনও মিছিল করছে। শহরজুড়ে বিরাজ করছে উত্তেজনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/১৬২৭ ঘ.
bdnews24